একবার চেয়ে দেখো ওই সমুদ্রটার দিকে
রাশি রাশি জলস্রোত যে রেখায় মিশেছে
নিয়ে যেতে পারবে আমায় ঠিক ওই খানে?
ওই রেখা বরাবর হেঁটে দেখতাম একবার
সূর্যটাকে ধরতে পারি কিনা।
না ধরতে পারলেও অবশ্য দুঃখ হবে না বিশেষ
যদি ঐ রোদ জলের রং তোমায় মাখাতে পারি
এসব না পারলেও অন্তঃত একটা কাগজের নৌকা
ভাসিয়ে আসব ওই রেখার প্রান্তে।
আমার সে নৌকা ঢেউয়ের মাথায় চড়ে
দেখবে ট্রলার নিয়ে জেলেদের মাছ ধরা,
কিংবা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে
জাহাজে কর্তব্যরত কোনো নাবিকের বিষাদ।
হয়তো বা কখনও দেখবে সাগরের বুকে
শূন্য হওয়া কোনো মায়ের কোল।
হয়তো বা আলাপ জমাবে তারই মত
ভেসে চলা কোনো খোলামমকুচির স্বপ্ন।
আরও কত কি এমন দেখতে দেখতে হঠাৎ করেই
হয়তো বা সে শেষমেশ দেখা পাবে তার---
আরেকটি কাগজের নৌকা,
যাকে তুমি ভাসিয়েছ অন্য রেখার প্রান্তে।
Comments
Loading comments…